এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৩৭

সূরা ৯ : আয়াত ৩৭

إِنَّمَا ٱلنَّسِىٓءُ زِيَادَةٌ فِى ٱلْكُفْرِ ۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُحِلُّونَهُۥ عَامًا وَيُحَرِّمُونَهُۥ عَامًا لِّيُوَاطِـُٔوا۟ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّوا۟ مَا حَرَّمَ ٱللَّهُ ۚ زُيِّنَ لَهُمْ سُوٓءُ أَعْمَـٰلِهِمْ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ

নিশ্চয়ই নাসী’ (অর্থাৎ হারাম মাসকে হালাল মাসের স্থানে পরিবর্তন করে পিছিয়ে দেওয়া) কুফরিতে আরও বৃদ্ধি ঘটায়। এর মাধ্যমেই কাফিরদেরকে পথভ্রষ্ট করা হয়। তারা এক বছর (হারাম) মাসকে হালাল করে এবং আরেক বছর সেটিকেই হারাম রাখে, যাতে আল্লাহ যে সংখ্যক মাসকে হারাম করেছেন, তার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে; ফলে আল্লাহ যা হারাম করেছেন, তা তারা হালাল করে নেয়। তাদের মন্দ কাজগুলো (শয়তানের প্ররোচনায়) তাদের দৃষ্টিতে সুশোভিত করা হয়েছে। আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দেন না।

সংক্ষিপ্ত তাফসীর

৩৭. মুহাররাম মাসের মর্যাদাকে অন্য কোন মাসের দিকে পিছিয়ে দেয়া বা অর্পণ করা এবং তাকে ওর স্থলাভিষিক্ত করা যা জাহিলী যুগের আরবরাই করতো তা কিন্তু আল্লাহর সাথে কুফরি করার উপর বাড়তি আরেকটি কুফরি। তারা হারাম মাসগুলোর ব্যাপারে তাঁর বিধানের সাথে কুফরি করেছে। শয়তান এরই মাধ্যমে আল্লাহর সাথে কুফরিকারীদেরকে পথভ্রষ্ট করে। সেই তাদের জন্য এ খারাপ পদ্ধতি চালু করে। ফলে তারা হারাম মাসকে হালাল মাসের সাথে বদলিয়ে এক বছরের জন্য হালাল করে নেয়। আবার অন্য বছর তাকে হারাম হিসেবেই বাকি রাখে। যাতে আল্লাহর হারামকৃত মাসগুলোর সংখ্যা ঠিক থাকে। যদিও তারা হুবহু মাসগুলো ঠিক রাখেনি। কারণ, তারা কোন মাসকে হালাল করলে তার পরিবর্তে অন্য মাসকে হারাম করে।

এভাবেই তারা আল্লাহর হারামকৃত মাসগুলোকে হালাল করে। আর আল্লাহর বিধানকে অমান্য করে। শয়তান তাদের সামনে খারাপ কাজগুলোকে সুন্দরভাবে উপস্থান করেছে বিধায় তারা তা সম্পাদন করেছে। হারাম মাসকে পিছিয়ে দেয়ার বিদ‘আত সেগুলোরই একটি। বস্তুতঃ আল্লাহ তা‘আলা কুফরির উপর হঠকারী কাফিরদেরকে ভালো কাজের তাওফীক দেন না।

অন্য ভাষার তাফসীর · ৭