এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ১২

সূরা ২৮ : আয়াত ১২

وَحَرَّمْنَا عَلَيْهِ ٱلْمَرَاضِعَ مِن قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰٓ أَهْلِ بَيْتٍ يَكْفُلُونَهُۥ لَكُمْ وَهُمْ لَهُۥ نَـٰصِحُونَ

আর আমি পূর্বেই তার জন্য দুধ পান করানো নারীদেরকে হারাম করে দিয়েছিলাম। তখন সে (মূসার বোন) বলল, ‘আমি কি তোমাদেরকে এমন এক পরিবারের সন্ধান দেব, যারা তাকে তোমাদের জন্য লালন-পালন করবে এবং তারা তার প্রতি হবে আন্তরিক কল্যাণকামী?’

তাফসীর আহসানুল বায়ান

আমি পূর্ব হতেই ধাত্রীস্তন্য পানে তাকে বিরত রেখেছিলাম।[১] মূসার ভগিনী বলল, ‘তোমাদেরকে কি আমি এমন পরিবারের কথা বলব, যারা তোমাদের হয়ে একে লালন-পালন করবে এবং এর হিতাকাঙ্ক্ষী হবে?’ [২]

[১] অর্থাৎ, আমি আমার কুদরতে ও সৃষ্টিগত নির্দেশে মূসাকে তাঁর মাতা ছাড়া অন্য সব ধাত্রীর দুধ পান করা নিষেধ করেছিলাম। সুতরাং বহু চেষ্টা-চরিত্র করার পর কোন ধাত্রী তাঁকে দুধ পান করাতে ও চুপ করাতে সফল হল না।

[২] এ সকল দৃশ্য তাঁর বোন চুপি চুপি প্রত্যক্ষ করছিলেন। পরিশেষে বলে ফেললেন যে, 'আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের কথা বলব, যারা এই শিশুর লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে?'

অন্য ভাষার তাফসীর · ৭